রোজদিন ডেস্ক: কালিম্পং এর চালতা বনাঞ্চলে আজ বিধ্বংসী আগুন লাগে। চেল ও লেম রেঞ্জের এই অভয়ারণ্য দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকায় উদ্বেগ, আতঙ্ক ছড়িয়েছে। এতে উদ্বিগ্ন, আতঙ্কিত পরিবেশ প্রেমী, স্থানীয় মানুষ জন ও। অনেকের অনুমান, এলাকার শুকনো কাশিয়ার গাছে হয়ত কে বা কারা আগুন দেয়, ফলে দ্রুত তা হাওয়ায় বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে একের পর এক গাছ পুড়িয়ে দিচ্ছে। প্রায় এক কিমি এলাকা জুড়ে আগুন লেগেছে বলে স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থার কো অর্ডিনেটর নাফসার আলি জানান। এই এলাকায় সারা বছর হাতিদের যাওয়া আসা চলে জানিয়ে উদ্বিগ্ন ভাবে তিনি জানান,এই আগুন দ্রুত না নিভলে বন্য প্রাণের বড় ক্ষতি হতে পারে। এই বনাঞ্চলের পাশেই পাহাড়, সেখানে কোন ভাবে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে।
বন দফতর এই মর্মে বন্যপ্রাণ রক্ষার কাজে যুক্ত কর্মীদের সতর্ক করেছে বলে প্রকাশ। আগুন কিভাবে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় তার চেষ্টা চলছে।

Be the first to comment