রোজদিন ডেস্ক : অবৈধ লগ্নিকারী সংস্থা রোজ ভ্যালি মামলায় আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগী হল হাইকোর্ট গঠিত সম্পদ নিষ্পত্তি কমিটি বা এডিসি। আগামী ৬ মাসের মধ্যে সুদ-সহ ৪৯২ কোটি টাকারও বেশি প্রকৃত আমানতকারীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠ। কমিটির দাবি, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এই টাকা বিতরণ করা সম্ভব হয়নি। সেই অর্থ বর্তমানে বেড়ে ৪৯২.৫২ কোটিতে পৌঁছেছে। এডিসি সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে কমিটি গঠিত হলেও প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মীর অভাব এবং প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ সময় কাজ এগোয়নি। ২০২৪ সালের মাঝামাঝি থেকে দপ্তর, ওয়েবসাইট এবং প্রশাসনিক পরিকাঠামো পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর সম্পত্তি বিক্রি ও আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়। প্রথম দফায় অর্থ বিতরণ করা হয় ২০২৪ সালের ৩ অক্টোবর।
পরে দেখা যায়, পুরনো ওয়েবসাইটের মাধ্যমে মাসে মাত্র ১০ থেকে ১২ হাজার দাবির নিষ্পত্তি সম্ভব হচ্ছিল। সেই পরিস্থিতি কাটাতে ২০২৫ সালের জুনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টক হোল্ডিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড বা এসডিএমএস-এর সঙ্গে চুক্তি করে ওয়েবসাইট আধুনিকীকরণের কাজ শুরু হয়। আদালতের অনুমোদনের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন পোর্টাল চালু হয়েছে। এর ফলে বর্তমানে প্রতিটি কর্মদিবসে গড়ে প্রায় ৩,০০০টির মতে দাবির নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এডিসি জানিয়েছে, সম্পত্তির মূল দলিলের অভাব, মালিকানা সংক্রান্ত বিরোধ এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে সম্পদ বিক্রি ও অর্থ উদ্ধারের কাজে বিলম্ব হয়েছিল। তবে আদালতের নির্দেশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায় সেই প্রক্রিয়া এখন অনেকটাই এগিয়েছে।

Be the first to comment