রোজদিন ডেস্ক :
কংগ্রেস তাঁদের পিছন থেকে ছুরি মেরেছে বলে ইন্ডিয়া জোটের একাধিক শরিক আজ সরব হয়েছে। ডিএমকে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
সিপিএম দাবি করেছে, কেরালম নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাত আছে বলে কংগ্রেস যে প্রচার করেছিল, তা পরিস্কার করে বলুক।
ঝাড়খন্ডে রাজ্যসভা নির্বাচনে আসন নিয়েও ক্ষমতাসীন জেএমএমের সঙ্গে কংগ্রেসের ঠান্ডা যুদ্ধ চলছে।
তামিলনাড়ু নির্বাচনে ডিএমকের শরিক হয়ে লড়লেও ভোটের পর বিজয়কে সমর্থন করেছে কংগ্রেস। আজ ডিএমকে নেতা সারাভানন আন্নাদুরাই জানান, তাঁরা কংগ্রেস যেখানে আছে, সেখানে যেতে চান না৷
কংগ্রেস তাঁদের পিছন থেকে ছুরি মেরেছে বলে তিনি সরোষে মন্তব্য করেন। তবে তাঁরা অন্য দলগুলির বক্তব্য শুনতে চান।
সিপিএম নেতা হান্নান মোল্লা বলেন, ইন্ডিয়া জোটের বড় শরিক হিসাবে কংগ্রেসের বড় দায়িত্বও আছে। এই হিসাবে জোট রক্ষা করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস এই ভূমিকা পালন করেনি।
রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, জোটের নেতৃত্ব দিতে হলে নেতাকে অন্যদের মত যা খুশি বলা চলে না।
আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিএমের পক্ষে জন ব্রিটাস যোগ দেবেন বলে জানা যায়।
শরিক দলের এই অশান্তির আবহে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে রাজনৈতিক মহল তাকিয়ে আছে।

Be the first to comment