রোজদিন ডেস্ক : কলকাতার মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন একটি মেট্রো করিডরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ও ট্র্যাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলের ২০২৬-২৭ সালের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৭ কিমি দীর্ঘ ডাবল-লাইন মেট্রো করিডরটি কলকাতা টার্মিনাল থেকে ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের ৬ নং আইল্যান্ড হয়ে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত যাবে। এই সমীক্ষার জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক সমীক্ষায় প্রকল্পটির প্রযুক্তিগত সম্ভাব্যতা, যাত্রী চাহিদা এবং পরিচালনাগত কার্যকারিতা খতিয়ে দেখা হবে। সমীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই করিডর তৈরি হলে কলকাতা টার্মিনাল থেকে সরাসরি গ্রিন লাইনের করুণাময়ী স্টেশনে পৌঁছনো যাবে। ফলে হাওড়া, শিয়ালদহ-সহ শহরের বিস্তৃত মেট্রো নেটওয়ার্কের সঙ্গে আরও সহজে সংযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রস্তাবিত রুটের একটি বড় অংশ বাগজোলা খাল ধার বরাবর যাওয়ার সম্ভাবনা। ফলে জমি অধিগ্রহণের প্রয়োজন তুলনামূলকভাবে কম হতে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment