রোজদিন ডেস্ক :
মর্মান্তিক বললেও বুঝি কম বলা হয়। কেরালার কাদানগোরে এক বাড়ির খোলা জানলা দিয়ে এক পথ সারমেয় ঢুকে শয্যাশায়ী মহিলাকে আক্রমণ করায় মর্মান্তিকভাবে তিনি প্রাণ হারান। পাশের ঘরে তাঁর প্রতিবন্ধী পুত্রকেও আক্রমণ করে সারমেয়টি। তাঁর আর্ত চিৎকারে এক শ্রমিক তাঁদের সাহায্য করতে এলে সারমেয়টি তাঁকেও হিংস্র ভাবে আক্রমণ করে পালিয়ে যায়। তার ভয়ে পুরো এলাকা আতঙ্কিত, তটস্থ।
গতকাল সন্ধ্যায় কার্থিয়ানির পুত্র মনিকন্দন খাবার দিতে এসে এই ভয়ংকর ঘটনা দেখতে পান। তাঁর দু বছর ধরে শয্যাশায়ী মা ক্ষতবিক্ষত হয়ে প্রাণহীন দেহে বিছানায় পড়ে আছেন। তাঁর অসুস্থ ভাই এর পায়ের চারটি আঙুল খুবলে নিয়েছে হিংস্র সারমেয়। এই মর্মন্তুদ ঘটনা দেখে পুলিশ, চিকিৎসকরা বলেন, একমাত্র পাষাণ হৃদয় হলেই তা সহ্য করা সম্ভব।
পলাতক সারমেয়টির খোঁজে পুলিশ, এলাকার তরুণরা তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, পথ সারমেয়দের দৌরাত্ম্যে কেরালার বহু এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, এর জের গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত।

Be the first to comment