রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর সংক্রান্ত শুনানি, দাবি, আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে জেলাগুলিকে নির্দেশ দিল সিইও দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে নোটিস পাঠানো, দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারির পর অন্তত আরও এক সপ্তাহ চালিয়ে যেতে হবে। ওই সময়ের মধ্যে ইআরও এবং এইআরওদের নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে। যাঁদের কাছে নোটিস পৌঁছেছে, তাঁরা যে কোনও বৈধ নথি দিতে পারবেন। আদালতের ১৯ জানুয়ারির নির্দেশে উল্লিখিত নথিগুলিও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ইআরওরা নিষ্পত্তির সময় সেগুলি বিবেচনা করবেন। নির্ধারিত বিধি অনুযায়ী যাঁরা আপত্তি জমা দেবেন, তাঁদের নথিও সমানভাবে যাচাই করতে হবে। ব্যক্তিগত শুনানিতে হাজির না হলেও, যথাযথ কর্তৃপক্ষের জারি করা নথি থাকলে তা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্টের ধার্য করা সময়সীমা কঠোরভাবে মেনে ইআরও ও এইআরওদের কাজ করতে হবে। নির্ধারিত সময়সীমা মানা না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে।

Be the first to comment