রানাঘাটে ভোটকর্মী আক্রান্ত, রিপোর্ট চায় নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক :
নদীয়ার রানাঘাটে ভোট প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষকের বিষয়ে রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই কথা জানান। ভোট কর্মীদের সুরক্ষা সহ একাধিক দাবিতে তাঁরা আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে দাবিপত্র পেশ করেন।সেখানে ভোট প্রশিক্ষণে গিয়ে শিক্ষকের ওপর আক্রমণের প্রতিকার নিয়ে প্রশ্ন তোলেন। কিংকর অধিকারী জানান, এই বিষয়ে কমিশন রিপোর্ট চেয়েছে। তা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওই প্রশিক্ষণে গিয়ে শিক্ষক সৈকত চ্যাটার্জি আক্রান্ত হন। প্রশিক্ষণ চলাকালীন মুখ্যমন্ত্রীর ছবি সহ সরকারি প্রকল্প দেখানোর প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এইদিন ভোটের কাজে বিএলও, বিশেষ ভাবে সক্ষমদের কাজে না লাগানোর দাবি সহ একাধিক বিষয়ে সিইও দফতরে দাবিপত্র পেশ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ভোটের কাজে বিএলও, বিশেষ সক্ষমদের প্রত্যাহার করা হবে বলে আশ্বাস মিলেছে। এই ছাড়া রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য বিদ্যালয়ের বদলে বিকল্প ব্যবস্থা, সহ বিএলও-দের বকেয়া মেটানো, ভোটার তালিকায় একজনও বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া ইত্যাদি নিয়েও তাঁরা দাবি জানিয়েছেন।
যুগ্ম সিইও বন্দনা পোখরিওয়াল তাঁদের দাবিপত্র গ্রহণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*