ভোটের আগে কড়া নজরদারি, বাজেয়াপ্ত ৪০০ কোটি টাকারও বেশি নগদ ও সামগ্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও বেশি মূল্যের নগদ, মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৪০৮.৮২ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭.৪৪ কোটি টাকা নগদ, প্রায় ৩৭.৬৮ কোটি টাকার মদ, ১৬৭.৩৮ কোটি টাকার মাদক, ২৩ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১৬৩ কোটিরও বেশি মূল্যের অন্যান্য সামগ্রী। নজরদারি বাড়াতে দেশজুড়ে ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০-রও বেশি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের মাধ্যমে এই অভিযান চলছে বলে জানিয়েছে কমিশন। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুততা আনার দাবি করেছে কমিশন। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৭০,৯৪৪টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৯৫ শতাংশেরও বেশি অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে সি-ভিজিল অ্যাপ এবং ১৯৫০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নজরদারি চলাকালীন সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেই দিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*