রোজদিন ডেস্ক : বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী সদস্যদের তুমুল বিক্ষোভে উত্তাল হল সংসদ।
এর জেরে আজ আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস সাংসদরা বিরোধী নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের মকর দ্বারে অবস্থান বিক্ষোভ করছেন৷
একাধিক বিষয়ে আজ সকাল থেকেই উত্তাল সংসদ। অধ্যক্ষ ওম বিড়লা দফায় দফায় সভার কাজ মুলতবির পর বিকেলে অধিবেশন শুরু হওয়ার পর ফের অশান্ত হয়ে ওঠে। কংগ্রেস-সহ বিরোধী সদস্যরা তুমুল সরকার বিরোধী ধ্বনি দেন। কাগজপত্র ছিঁড়ে ফেলেন।
এর আগে সভার কাজ শান্তিপূর্ণভাবে চালানো নিয়ে অধ্যক্ষ ওম বিড়লা পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেসের গৌরব গগৈ, কে সি বেণুগোপালকে নিয়ে বৈঠক করেন।
অধিবেশন শুরু হতেই ফের গোলমাল বাধে। প্রাক্তন সেনা প্রধান এম এম নারাভানের লেখা থেকে কেন রাহুল গান্ধীকে পড়তে বাধা দেওয়া হয়, তা নিয়ে ফের হৈচৈ শুরু করেন বিরোধী সদস্যরা।
সভায় বাধা সৃষ্টির অভিযোগে আট সাংসদকে সাসপেন্ড করা হয়। তাঁরা হলেন কংগ্রেসের হিবি ইডেন, গুরজিত সিং আউজলা, সি কিরন কুমার রেড্ডি, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, মণিকম ঠাকুর, প্রশান্ত পাড়োল ও দিন কুরিয়াকোস ও সিপি এমের এস ভেনকাটেসান।
তাঁদের বাজেট অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর। যা নিয়ে ক্ষুব্ধ, রুষ্ট বিরোধী পক্ষ।

Be the first to comment