EIMPA ELECTION: পালাবদলের জেরে ইমপা-য় অচলাবস্থা কাটাতে পুজোর পরই ভোট, শুরু তৎপরতা

Spread the love

প্রতিবেদন: রাজ্যে পালাবদলের পর একাধিক ক্ষেত্রেই বদল এসেছে। বদল এসেছে টলিউডে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের দাপট উধাও। এসেছে নতুন নেতৃত্ব। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে সিনেমা জগতের অন্যতম সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পায় (EIMPA ELECTION)। পালাবদলের পর গত চার/পাঁচ মাস সেখানেও ডামাডোল চলছে। ইমপার অভ্যন্তরে বিভিন্ন ইস্যু নিয়ে সদস্যদের অসন্তোষ রয়েছে। এই মুহূর্তে কার্যত দুটি গোষ্ঠীতে বিভক্ত ইমপা। পিয়া সেনগুপ্ত এবং রতন সাহা। দীর্ঘদিন ইমপার সভাপতি পদে ছিলেন পিয়া। কিন্তু পালাবদলের পর বিরুদ্ধ গোষ্ঠীর চাপে পদ থেকে সরতে বাধ্য হন তিনি। এর পর রতন সাহা সভাপতি হন। তাঁকে আবার চ্যালেঞ্জ করে পিয়ার অনুগামীরা। সবমিলিয়ে ডামাডোল চূড়ান্ত। সংগঠনে শৃঙ্খলা ফেরাতে তাই নির্বাচন ছাড়া গতি নেই, এমনই মত সদস্যদের। এই লক্ষ্যেই শুক্রবার রবীন্দ্র সদনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন মিঠুন চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত-সহ ইমপার সদস্যরা। বৈঠকে নির্বাচন নিয়েই কথা হয়েছে মূলত। দিনক্ষণও প্রাথমিক ভাবে স্থির করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর ইমপার নির্বাচন করা হতে পারে। তবে এই দিন নিয়েও মতবিরোধ রয়েছে। সংগঠনের একাংশের আশঙ্কা, এই নির্বাচন ঘিরে অশান্তি হতে পারে। ফলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন ও নতুন বোর্ড গঠন করাই এখন চ্যালেঞ্জ ইমপার কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*