রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের অধীন থেকে ‘স্বতন্ত্র’ করতে চেয়ে এ বার মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।
আন্ডার সেক্রেটারি এম আশুতোষ এই চিঠি পাঠিয়েছেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। ওই চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে ‘স্বতন্ত্র’ করার কথা বলেছে কমিশন। জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের ‘ব্রাঞ্চ’ হিসেবে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে কর্মীর প্রয়োজন থেকে যাবতীয় বিল পাশের জন্য সেখানেই পাঠাতে হয়। কিন্তু কমিশনের এই প্রস্তাব কার্যকর হলে রাজ্য সরকারের উপরে আর নির্ভর থাকবে না সিইও দপ্তর। ফিন্যান্স শাখা থাকবে সিইও অফিসেই। ফলে আর সিইও অফিসকে বিল পাশের জন্য রাজ্যের অর্থ দপ্তরের দ্বারস্থ হতে হবে না।
উল্লেখ্য, অনেক রাজ্যের সিইও দপ্তর সেই রাজ্য সরকারের কোনও দপ্তরের ‘ব্রাঞ্চ’ বলে বিবেচিত হয় না। স্বাধীন ভাবে কর্মী নিয়োগ কি করতে পারবে সিইও অফিস? কমিশনের ওই কর্তা বলেছেন, ‘তা একেবারেই নয়, নিয়োগ করতে গেলে শূন্যপদের প্রস্তাব তো ক্যাবিনেটে পেশ করতে হবেই।’

Be the first to comment