এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের চাকরি, সিদ্ধান্ত ক্যাবিনেটের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর আতঙ্কে মৃত ও হয়রানির শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য সরকার। এবার তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্তেও সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এরকম ৬১ জনের তালিকা অনুমোদিত হয়েছে। এর মধ্যে এসআইআর আতঙ্কে মৃত ৫৬ জনের পরিবারের নিকট আত্মীয়দের নাম রয়েছে। এছাড়াও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়া ও হয়রানির শিকার হওয়ার অভিযোগে চিহ্নিত আরও পাঁচটি পরিবারের একজন সদস্যের নামও নথিভুক্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদের সকলকেই হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা ও নদিয়া—এই ১৪ জেলার মোট ৬১টি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্ক বা চাপ সহ্য করতে না পেরে একাধিক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ কয়েকজন বিএলও-রাও আত্মহত্যা করেছেন। বহু সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই সমস্ত ঘটনার তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের দাবি। অল্প বয়সে মৃত ব্যক্তি কিংবা পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুর ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*