রোজদিন ডেস্ক :
রাজস্থানের সালুম্বার জেলায় গত পাঁচ দিনে পাঁচ শিশুর মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। মৃত শিশুদের বয়স দুই থেকে চার বছরের মধ্যে। তাদের জ্বর, বমির উপসর্গ দেখা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। লালপুরা,ঘাটা গ্রামের এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর জানিয়েছে, একই রকম উপসর্গ নিয়ে আরও আট শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এই রকম উপসর্গ দেখামাত্র চিকিৎসার ব্যবস্থা করতে তাঁরা পরামর্শ দিয়েছেন। কি কারণে এই অসুস্থতা, মৃত্যু তা খতিয়ে দেখতে সরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট গ্রামগুলিতে প্রাণীদের শেড সংক্রমণ মুক্ত করার অভিযান চলছে।
স্থানীয় বিধায়ক থাওয়ারচাঁদ দামোর এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি বাসিন্দাদের কুসংস্কারের থেকে চিকিৎসা পদ্ধতিতে আস্থা রেখে সময় মত ব্যবস্থা নিতে আর্জি জানান।
মৃত পাঁচ শিশুর মধ্যে এক পরিবারের চার ও তিন বছর বয়সি দুই ভাইও আছে। পাঁচ দিনে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক, আতঙ্ক দেখা দিয়েছে।

Be the first to comment