রোজদিন ডেস্ক : ভোট ঘোষণার পর থেকে শুরু হয়ে গিয়েছে কমিশনের তৎপরতা। একের পর রদবদল চলছে পুলিশ ও প্রশাসনে। বুধবার সকালে রাজ্য পুলিশে ফের এক রাউন্ড রদবদল করল নির্বাচন কমিশন। এবার এক ধাক্কায় পাঁচ ডিআইজি বদল করল কমিশন। এই বদলি নিয়ে ক্ষোভ জানিয়ে সিআইসিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও একই ভাবে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে পাঁচ ডিআইজিকে বদলির নির্দেশ দিল কমিশন। এদিন সরানো হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। মুর্শিদাবাদের নতুন ডিআইজি হচ্ছেন অজিত কুমার যাদব, বর্ধমানে শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জে কংকর প্রসাদ বাড়ুই এবং জলপাইগুড়ি রেঞ্জের নয়া ডিআইজি হচ্ছেন অঞ্জলি সিং। কমিশন জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার ১১টার মধ্যেই নয়া পাঁচ ডিআইজিকে দায়িত্ব বুঝে নিতে হবে। সঙ্গে কমিশনকে সেই রিপোর্ট দিতে হবে। এদিকে আজ বুধবারই রাজ্যে আসছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব-সহ দেশের একাধিক রাজ্য থেকে এই পর্যবেক্ষককে রাজ্যে নিয়োগ করা হয়েছে।

Be the first to comment