রোজদিন ডেস্ক : সরকারে আসার পর থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। চলছে নজরদারি ও ধরপাকড়। চালু হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানে প্রতিদিনই বাড়ছে সংখ্যা। শনিবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে উত্তর ২৪ পরগনার বনগাঁ রেল স্টেশন থেকে চার জনকে আটক করেছে রেল পুলিশ। আটকদের মধ্যে নবম শ্রেণির এক ছাত্র এবং এক নাবালিকাও রয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বনগাঁ স্টেশনে থেকে ওই চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় ৬–৭ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল। আপাতত তারা গুমা রেলগেটের কাছে একটি বাড়িতে ভাড়া থাকে।
আটকদের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি। আটকদের মধ্যে দুজন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি যশোহর জেলায়।

Be the first to comment