রোজদিন ডেস্ক : দিল্লির কাছে ফরিদাবাদে ফের নির্ভয়া কান্ডের ছায়া। চলন্ত ভ্যানের ভিতরে এক মহিলাকে দু ঘণ্টার বেশি আটকে রেখে সমানে নির্যাতন চালায় দুষ্কৃতিরা। রক্তাক্ত, আহত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে উধাও হয়। সূত্রের খবর, সোমবার রাতে ওই বিবাহিত মহিলা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। একটি ভ্যান তাঁর সামনে এসে দাঁড়ায় ও তাঁকে গন্তব্যে পৌঁছে দেবে বলে। মহিলা বিশ্বাস করে ভ্যানে উঠলে তা গুরগাঁও রোডের দিকে যায়। তিনি আপত্তি করলেও তারা শোনেনি, এরপর তাঁকে ভয় দেখিয়ে দু- ঘণ্টার বেশি ভ্যানে আটকে রেখে ভয়ংকর নির্যাতন চালায়। মঙ্গলবার কাকভোরে চলন্ত ভ্যান থেকে তাঁকে এস জি এম নগরের রাজা চৌকের কাছে রাস্তায় ফেলে দিয়ে উধাও হয়। রক্তাক্ত, আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ভ্যানটি চিহ্নিত করা ও দুষ্কৃতিদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে নির্ভয়ার ভয়ংকর গণধর্ষণের ঘটনা সারা দেশে তোলপাড় তুলেছিল। ফরিদাবাদের এই ঘটনা ফের সেই নারকীয় ঘটনার স্মৃতি উসকে দিল বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রশ্ন উঠেছে ওখানকার আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েও।

Be the first to comment