জিপিএফে সুদের হার বাড়াল কেন্দ্র

Spread the love
ব্যাঙ্কে আমানতের উপর সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তথা জিপিএফে সুদের হার বাড়াল কেন্দ্র।
চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে জিপিএফে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। সপ্তমীর সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তা ০.৪ শতাংশ বাড়িয়ে ৮ শতাংশ করা হচ্ছে। চলতি ২০১৮-১৯ আর্থিক বছরে জিপিএফ খাতে যা আমানত জমা হয়েছে তার উপর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, এর ইঙ্গিত গত এক মাস ধরেই পাওয়া যাচ্ছিল। ব্যাঙ্কগুলিতে এর মধ্যেই আমানতের উপর সুদের হার বেড়েছে। বরিষ্ঠ নাগরিকদের জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কও কমবেশি অতিরিক্ত সুদ দিচ্ছে। এর পর স্বাভাবিক দাবি ছিল জিপিএফে সুদের হার বাড়ানো। কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রেল ও প্রতিরক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিদের প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সুদের এই বর্ধিত হার কার্যকরী হবে।
গত মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, এনএসসি ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড তথা পিপিএফের মতো স্বল্পসঞ্চয়ে সুদের হার অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে বাড়বে ০.৪ শতাংশ। এবার জিপিএফেও একই হারে সুদ বাড়ল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*