৯ থেকে ১৭ অগাস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি রাজ্য জুড়ে, নির্দেশ নবান্নের

Spread the love

রোজদিন ডেস্ক: স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জারি করা নির্দেশিকা মেনে নবান্নের তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই সমস্ত সরকারি দফতর, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে। ২৪ জুলাই জারি নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি নাগরিকদের আবেগ ও অংশগ্রহণ আরও বাড়িয়ে তুলতেই এ বছরের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে সরকারি দফতর, পঞ্চায়েত ও পুর সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় একগুচ্ছ কার্যক্রমের উল্লেখ করা হয়েছে। জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা ও পঞ্চায়েতস্তরে তিরঙ্গা মিছিল ও প্রভাত ফেরি, পড়ুয়াদের অংশগ্রহণে সাইকেল ও ই-বাইক র‌্যালি, সরকারি ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা, বাস টার্মিনাস, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ জনপথে তিরঙ্গা-থিমের আলোকসজ্জা, বড় আকারের তিরঙ্গা রঙোলি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ, কুইজ, অঙ্কন প্রতিযোগিতা এবং স্বাধীনতা আন্দোলনের প্রদর্শনীর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে সমবেতভাবে ‘বন্দে মাতরম্’ এবং দেশাত্মবোধক গান গাওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার, বাণিজ্যিক সংস্থা এবং বিভিন্ন সংস্থাকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ পোর্টালে তিরঙ্গার সঙ্গে সেলফি আপলোড এবং সামাজিক মাধ্যমে প্রচার বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কেন্দ্র থেকে প্রতিটি জেলা ও কলকাতা পুর এলাকার জন্য দেড় লক্ষ করে জাতীয় পতাকা সরবরাহ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*