রোজদিন ডেস্ক : বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্ত মামলায় রাজ্যের আবেদন পত্রপাঠ খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর আগে হাইকোর্টের নির্দেশে বেলডাঙ্গার হিংসা নিয়ে তদন্ত শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কিন্তু অভিযোগ, মামলার কেস ডায়েরি হস্তান্তর করেনি পুলিশ। পরে বেলডাঙ্গার ঘটনায় নিম্ন আদালত রাজ্য পুলিশকে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। বেলডাঙা-কাণ্ডে ধৃত ৩১ জনকে বৃহস্পতিবার বিচার ভবনে পেশ করা হয়। তাঁদের মধ্যে সাতজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনআইএ। কেন্দ্রীয় সংস্থাটি এই ঘটনার তদন্ত করতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। এদিনও এনআইএ অভিযোগ করে, রাজ্য পুলিশ কেস ডায়েরি হস্তান্তর করছে না। কেন কেস ডায়েরি হস্তান্তর করা হচ্ছে না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। পাল্টা অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন, কে তদন্ত করবে, তা এখনও স্থির হল না। অথচ তাঁর মক্কেলদেরকে হেফাজতে থাকতে হচ্ছে। এই বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেন তিনি।
কিছুদিন আগে ঝাড়খণ্ডে কর্মরত মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ওই ঘটনাকে কেন্দ্র করে হিংসাত্মক হয়ে উঠেছিল বেলডাঙ্গা।

Be the first to comment