হাওড়া পুরসভা নিয়ে ফের আসছে নয়া বিল, ৫০ নয়, হচ্ছে ৬৬টি ওয়ার্ড

Spread the love

রোজদিন ডেস্ক : হাওড়া পুর এলাকার ওয়ার্ড সংখ্যা নিয়ে ফের আইনি সংশোধনের পথে রাজ্য সরকার। ৫০টি নয়, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে করা হচ্ছে ৬৬টি। কারণ, পুর এলাকার জনসংখ্যা বৃদ্ধি। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে হাওড়া পুরসভা আইন, ১৯৮০ সংশোধনের জন্য বিধানসভায় নতুন করে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে তৎকালীন তৃণমূল সরকার হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে যুক্ত করে মোট ৬৬টি ওয়ার্ড গঠন করেছিল। তার আগে হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ছিল ৫০। তবে দুই পুরসভা একত্রিত হওয়ার পর প্রশাসনিক নানা সমস্যা দেখা দেয়। সেই কারণেই ২০২১ সালে বালি পুরসভাকে ফের হাওড়া থেকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সিদ্ধান্তে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় অনুমোদন দেননি। পরবর্তী সময়ে ২০২৫ সালে বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ওই বিচ্ছেদের সিদ্ধান্তে অনুমোদন দেন। নিয়ম অনুযায়ী বালি পুরসভা আলাদা হয়ে গেলে হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা কমে যাওয়ার কথা। কিন্তু বালি পুরসভা আলাদা হলেও হাওড়া পুরসভায় ৬৬টি ওয়ার্ডই রেখে দিতে চাইছে রাজ্য সরকার। এখানে যুক্তি হল, গত এক দশকে হাওড়া পুর এলাকায় লোকসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পুর পরিষেবা সুষ্ঠু ভাবে চালাতে ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রশাসনিক মহলের মতে, এই সংশোধনী কার্যকর হলে হাওড়া পুরসভায় প্রশাসনিক চাপ কমবে এবং নাগরিক পরিষেবা আরও কার্যকর ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*