রোজদিন ডেস্ক : গত কয়েকদিনে প্রায় হাজার খানেকের বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। যার জেরে কার্যত লাটে উঠেছে দেশের বিমান পরিষেবা। প্রতিটি বিমানবন্দরে যাত্রীদের ভিড়, ক্ষোভ, হতাশা। এই সুযোগে আকাশ ছুঁয়েছে অন্য সংস্থাগুলির বিমান ভাড়া। নাজেহাল যাত্রীদের সুরাহায় এবার এগিয়ে এল ভারতীয় রেল। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করল ভারতীয় রেলওয়ে। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হল। এছাড়া অতিরিক্ত কামরাও জোড়া হল একাধিক দূরপাল্লার ট্রেনে। চারটি স্পেশাল ট্রেন চালানো হবে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৩৭টি প্রিমিয়াম ট্রেনে অতিরিক্ত ১১৬টি কামরা যুক্ত করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ রেলে সবথেকে বেশি যাত্রী বহনের জন্য অতিরিক্ত কামরা জোড়া হয়েছে। ১৮টি ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে। অতিরিক্ত চেয়ার কার ও স্লিপার ক্লাস কামরা যুক্ত করা হচ্ছে যে রুটে সবথেকে চাহিদা বেশি। আজ, ৬ ডিসেম্বর থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। নর্দার্ন রেলওয়েতে আটটি ট্রেনে অতিরিক্ত কামরা জোড়া হচ্ছে। দিল্লিগামী একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিহার-দিল্লি রুটেও অতিরিক্ত কামরা দেওয়া হয়েছে। ভুবনেশ্বর-দিল্লির রুটের একাধিক ট্রেনেও অতিরিক্ত কামরা থাকছে।

Be the first to comment