রোজদিন ডেস্ক : আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রীর নথি “ছিনতাই” নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ইডি-র বিরুদ্ধে দায়ের করা তৃণমূলের মামলা পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর নথি সংরক্ষণের দাবির সপক্ষে কোনও যুক্তি টিকলই না হাইকোর্টে। ইডি কোনও নথি বাজেয়াপ্তই করেনি। সওয়ালে এমনই দাবি করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। ফলে নথি সংরক্ষণের কোনও প্রশ্নই ওঠে না। উল্টে ইডি দাবি করে, যে যে নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক। তারপরই রাজ্যের আবেদন খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার ইডি-র তরফে এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক কর্ণধারের দফতর ও বাড়িতে। কিন্তু আবেদনকারী তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তল্লাশির সময় ঘটনাস্থলেই ছিলেন না। তাহলে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কীসের উপর ভিত্তি করে দিলেন? যাবতীয় নথিপত্র নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন যা করার তাঁর বিরুদ্ধেই করতে হবে। বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের আবেদন খারিজ করলেও ইডির দায়ের করা মামলা মুলতুবি করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ঘোষ তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে ইডি এবং বিষয়বস্তু একই তাই সেখানে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই হাইকোর্টে আবেদন করা যেতে পারে। ততক্ষণ এই মামলা মুলতুবি থাকছে।

Be the first to comment