রোজদিন ডেস্ক : নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে কলকাতার আইডি হাসপাতালে এক চিকিৎসক ও একজন নার্স ভর্তি হয়েছেন। তাঁদের নিভৃতবাসে রাখা হয়েছে। গতকাল রাতে তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আনা হয়। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তাঁরা। জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ আছে তাঁদের।
গত সোমবার নিপা সন্দেহে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা দুজন নার্সের একজনের রিপোর্টে নিপা ভাইরাস মিলেছে। দুজনেই আইসিসিইউ-তে ভর্তি আছেন।
তাঁরাও বর্ধমানে গেছিলেন।
এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুজন একই উপসর্গ নিয়ে আইডি-তে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক মহল।
তাঁদের সকলের চিকিৎসায় কোভিডের মত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা অনেককে চিহ্নিত করে নিভৃতবাসে রাখাও হয়েছে। চিকিৎসকরা তাঁদের ওপর নজর রাখছেন।
নিপা ভাইরাস মারণ হলেও কোভিডের থেকে এই রোগের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কম বলে চিকিৎসক মহল মনে করেন।
এই রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার ওপর জোর দিচ্ছে সরকার। কেন্দ্র থেকে এক বিশেষজ্ঞ দলও রাজ্যে এসেছেন।

Be the first to comment