খামেইনির মৃত্যুতে ইরানের প্রত্যাঘাত, পালটা হামলা ইজরায়েল, কাতার, সৌদি আরবে, ব্যাহত বিমান পরিষেবা, দুবাইতে আটক পিভি সিন্ধু, শুভশ্রী-সহ অনেকে

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা খামেইনি। এছাড়াও নিহত হয়েছেন দেশের একাধিক শীর্ষনেতা। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে পালটা হামলা শুরু করেছে তেহরান। পরমানু শক্তিধর ইরানের হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এখনও পর্যন্ত যা খবর, মধ্যপ্রাচ্যের যে সব দেশগুলিতে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে টানা বিমান হামলা শুরু করেছে তেহরান। খামেইনির মৃত্যুর পর আমেরিকা ও ইজরায়েলকে পালটা হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ভয়ানক পরিণাম হবে! এবার সরাসরি যুদ্ধ হবে। আমেরিকা ও ইজরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক গার্ড কোর বা আইআরজিসি। এক বিবৃতিতে তাঁরা বলেছে, ইতিহাসের সবথেকে ভয়ানক হামলার সম্মুখীন হবে দখলদার ও হানাদাররা। মার্কিন সন্ত্রাসবাদীরা কেঁপে উঠবে। এরপরই দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এখানে জখম হয়েছে চারজন। আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কাতার জানিয়েছে, ইরানের হামলায় আহত ১৬। ইরাকের এরবিল বিমানবন্দরেও হামলা চলিয়েছে ইরান। এর পাশাপাশি দুবাইতেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের মাটিতেও আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ইরানের জবাবে তুমুল আতঙ্ক ছড়িয়েছে একাধিক দেশে। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। দুবাই থেকে বাতিল হয়েছে একাধিক বিমান। ভারতেও তার প্রভাব পড়েছে। দুবাইতে গিয়ে আটকে পড়েছেন টলি তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর ছেলেও। এছাড়াও ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও আটকে রয়েছেন দুবাইতে। সবমিলিয়ে ইরানের যুদ্ধ কপালে ভাঁজ ফেলেছে ভারত সরকারেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*