রোজদিন ডেস্ক : ফের মহিলা চিকিৎসককে হেনস্থা, মারধোর, হুমকির অভিযোগ উঠলো রাজ্যে। এবার ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া। ওখানে সরকারি মেডিকেল কলেজের জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয় এক হোমগার্ড ও তার সঙ্গীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আগামীকাল এই ঘটনার প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর প্রতিনিধিরা ওখানে যাবেন।
পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল দুপুরে এক অন্তসত্বা মহিলা হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করতে আসেন ওই মহিলা জুনিয়র চিকিৎসক। কিন্তু কিছু জটিলতার জন্য তিনি অন্তসত্বা মহিলার পুরো পরীক্ষা করতে পারেননি।
উলুবেড়িয়ার ট্রাফিক হোমগার্ড বাবুলাল ও তার আত্মীয়রা রোগিণীর শারীরিক পরিস্থিতি নিয়ে মহিলা চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বচসা বাধে। এর জেরে বাবুলাল ও অন্যরা মহিলা চিকিৎসককে মারধোর করে, অশ্রাব্য কথা বলে৷, তাঁকে ধর্ষণের হুমকিও দেয় তারা। চিকিৎসক এর আর্তনাদ শুনে প্রসূতি বিভাগের নার্স, আয়া, কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
এই ঘটনায় আতঙ্কিত মহিলা চিকিৎসক রাতে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর আরও বক্তব্য, এই হেনস্থার সময় কোন নিরাপত্তারক্ষী না থাকায় অবাধে ওয়ার্ডে প্রবেশ করে হোম গার্ড ও অন্যরা।
পুলিশ অভিযুক্ত হোম গার্ড সহ দুজনকে গ্রেফতার করেছে।
এই ঘটনায় চিকিৎসক মহল ক্ষুব্ধ। তাঁরা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উপযুক্ত নিরাপত্তার দাবি করেন।
আর জি করের ভয়ংকর ঘটনার পরও যেভাবে মহিলা চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে সব মহলই ক্ষুব্ধ।

Be the first to comment