বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনাবসান

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনাবসান হয়েছে। আজ ভোরে ঢাকার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৭৯ বছর। তাঁর প্রয়াণে উপ-মহাদেশের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমেছে। তিনবারের প্রধানমন্ত্রী, পাঁচ বারের সাংসদ খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক জীবনে বহু ওঠা-পড়ার মধ্য দিয়ে কেটেছে। দীর্ঘদিন তিনি কারাবাস ও করেছেন। তবে দেশ ছেড়ে কখনও যাননি। বাংলাদেশের আমজনতার চোখে তিনি ছিলেন আপসহীন নেত্রী। গৃহবধূ থেকে এসেছিলেন রাজনীতির অঙ্গনে। সেখানেই আমৃত্যু কাটিয়ে গেছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লিভার, কিডনি হৃদযন্ত্র, উচ্চ রক্তচাপ, মধুমেহ ইত্যাদি একাধিক রোগ কাবু করেছিল তাঁকে।

রোগজর্জর শরীরে ও তাঁর মনের জোর ছিল অসীম। চিকিৎসকরা তাঁকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করেছেন।
খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট। ডাক নাম ছিল পুতুল। তাঁর বাবার পড়াশোনা, চা ব্যবসাও ছিল ওখানেই৷ ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁরা বাংলাদেশের দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস করেন।
১৯৬০ সালে সেনবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সালে তাঁর স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন৷ ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর তিনি দলের হাল ধরেন। ১৯৯১ সালে তাঁর দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনিই বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*