রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে হইচইয়ের মধ্যেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন, লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারেও ভুয়ো ভোটার রয়েছে। সেই দাবি খণ্ডন করে বৃহস্পতিবার তৃণমূলের কুনাল ঘোষ জানিয়ে দিলেন, কোনও হোমওয়ার্ক না করেই ভিত্তিহীন অভিযোগ করছেন বিজেপি নেতা।
এদিন কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হিংসায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর। তিনি জানেনই না ভোটার তালিকায় নাম থাকা বা বাড়ির ঠকানা ধরে কীভাবে নাম তোলা হয়। আসলে তিনি ঠিক করে হোমওয়ার্ক না করেই এসব মিথ্যে দাবি করছেন।”
কুনাল ঘোষের দাবী, অনুরাগ ঠাকুর অভিষেককে টার্গেট করছেনই হিংসার বশবর্তী হয়ে। তিনি বলেন, “চোখের ওপর সমস্ত হিসাব রয়েছে। ইতিমধ্যেই মেইল করে অভিষেক সমস্ত তথ্য-পরিসংখ্যান পাঠিয়ে দিয়েছেন। হয় তো তিনি পেয়েও গেছেন। আমি বলব, আসুন, যাঁদের নিয়ে এত কথা বলছেন, সেই মানুষগুলোর সামনে এসে দাঁড়ান। তা না করে হিংসার থেকে কেন দূর থেকে এসব ভুলভাল বলবেন?”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কী ভাষণ দেন ঘুরে ঘুরে। ওঁর থেকে ঢের বেশি ভাল ভাষণ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হওয়া উচিত। দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কেমন করে ব্যাট করেন, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। বিরোধী দলের প্রতিনিধি হয়ে তিনি যেভাবে ভাষণ দিয়েছেন সেটা নরেন্দ্র মোদীও পারেন না। সেই ঈর্ষা থেকেই বিজেপির এমপিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। যেটা একেবারে ভিত্তিহীন। আসলে সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন তো, সেই ধাক্কা সামলাতে পারছেন না।”

Be the first to comment