রোজদিন ডেস্ক, কলকাতা:- নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোটেই লড়ছে বাম-কংগ্রেস। তৃণমূলের পর শুক্রবার সন্ধ্যায় উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে জাতীয় কংগ্রেস। কাবিল উদ্দিন শেখকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে হাত শিবির। তাদের প্রার্থীকেই সমর্থন করা হবে বলে জানিয়ে দিয়েছে বামফ্রন্ট।
শুক্রবার দফায় দফায় ফন্টের বৈঠকের পর এদিন রাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, খারিজ করা হল সিপিএমের দাবি।
প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল বেশ কিছুদিন থেকেই। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি মন্তব্য থেকে। তিনি এক প্রকার বলেই দিয়েছিলেন যে, ওই আসনে সিপিএমের প্রতীকে প্রার্থী দাঁড় করাবেন তাঁরা। বামফ্রন্টের সঙ্গে আলোচনা না-করেই সেলিমের এই ঘোষণা নিয়ে মতবিরোধ দেখা দেয় সিপিএমের শরিক দলগুলির মধ্যেই। এর পরেই বুধবার বৈঠকে বসেছিল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে না কি সিপিএম আলাদা প্রার্থী দেবে, সেটাই ছিল আলোচ্য বিষয়। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ নিয়ে ঐকমত্যে পৌঁছোতে পারলেও ফ্রন্টের বৈঠকে বেঁকে বসে শরিকেরা। বুধবারের বৈঠকে কোনও রফাসূত্র বার হয়নি। তবে তারা যে সিপিএমের দাবি মানছে না, তা এক প্রকার স্পষ্টই করে দিয়েছিল ওই দিন। জানানো হয়, পরবর্তী বৈঠকেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপরই, শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের দলের পক্ষে এআইসিসি’র সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, কালীগঞ্জের উপ-নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করবেন সংখ্যালঘু প্রার্থী কাবিল উদ্দিন শেখ।
এরপরই, শুক্রবার জোট নিয়ে জট কাটানোর দফায় দফায় বৈঠকে বসেছিল বামফ্রন্ট। বামফ্রন্ট সূত্রের খবর, বৈঠকের নির্যাস, জোটেই সায় দেয় শরিকরা। সিপিএমের দাবি কার্যত উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রন্টের বৈঠকে। শরিকদের চাপে পিছু হটতে হয় সেলিমদের।
তারপরই, আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় তাঁদের পুরনো আসনটি কংগ্রেসকে ছাড়তে সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে লড়ত আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে বামেদের সমর্থনে লড়েছিল কংগ্রেস। ২০১৬ সালে জয়ও পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী।

Be the first to comment