রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যায় অন্যতম মূল অভিযুক্ত রাজকুমার সিং-কে গ্রেফতার করল সিবিআই। আজ উত্তর প্রদেশের মুজাফফর নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিবিআই ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ দল ওই রাজ্যের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
সূত্রের খবর, ধৃত রাজকুমার সিং উত্তর প্রদেশের বালিয়ার রসড়া রতোপুর সাঁওরার বাসিন্দা। হত্যাকাণ্ডের দিন থেকেই তার মোবাইল ফোনও বন্ধ ছিল। আজ হরিদ্বার থেকে বাসে সে দিল্লি পালানোর চেষ্টা করছিল বলে তদন্তকারীদের অনুমান।
গতকালই চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথ-কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, তাঁর পুত্রের বিচার তিনি পাবেনই।
আজই সিবিআই এর হাতে রাজকুমার সিং এর গ্রেফতার বড় সাফল্য বলে রাজনৈতিক মহল মনে করেন।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামে বাড়ি ফেরার সময় চন্দ্রনাথ রথের গাড়ি আটকে নৃশংসভাবে তাঁকে হত্যা করে উধাও হয় দুষ্কৃতিরা।
রাজ্য সরকার গঠিত সিট তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। এবার রাজকুমার সিং ধরা পড়ায় এর মাস্টারমাইন্ডকে ধরা সম্ভব হবে বলে বিভিন্ন মহল মনে করেন।

Be the first to comment