রোজদিন ডেস্ক: বিরোধীদের প্রতি বরাবরই সৌজন্য দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সৌজন্য থেকে তিনি কখনও সরে আসেননি। বৃহস্পতিবারও এলেন না। রাজভবনে নবনিযুক্ত রাজ্যপাল রবির শপথে মুখ্যমন্ত্রী সৌজন্যের নজির গড়লেন। রাজনৈতিক মতাদর্শে একেবারে বিপরীত মেরুতে থাকা বর্ষীয়ান রাজনীতিবিদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সামনের সারিতে বসিয়ে মুখ্যমন্ত্রী ফের একবার দেখালেন সৌজন্যের রাজনীতিতে তিনি কয়েক যোজন এগিয়ে। নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃতীয় সারিতে বসেছিলেন বিমান বসু। তাঁকে দেখেই এগিয়ে যান মুখ্যমন্ত্রী। বলেন, বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না। মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনটিই ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের। অনুষ্ঠানে পৌঁছনোর পরে জরুরি প্রয়োজনে বেরিয়ে যান ফিরহাদ। সেই খালি আসনেই নিজের হাতে মেয়রের বোর্ড সরিয়ে প্রবীণ সিপিআইএম নেতাকে চেয়ার এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়। অনুষ্ঠান শেষেও আরও একবার ধরা পড়ে সৌজন্যের ছবি। বেরনোর সময় মুখ্যমন্ত্রী দেখেন, বিমানবাবু গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের গাড়ি বের করতে নিষেধ করে, বিমানবাবুর গাড়ি আগে পাঠাতে বলেন। গাড়ি এলে তাঁকে তুলে দেন। বিমানবাবু প্রত্যুত্তরে বলেন, থ্যাঙ্ক ইউ। এরপর নিজের গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। এটাই প্রথমবার নয়, এর আগেও প্রকাশ্যে বিমান বসুর মুখোমুখি হলে তাঁকে সম্মান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুধু প্রথম সারিতে জায়গা দেওয়াই নয়, বর্ষীয়ান বাম নেতার শরীরেরও খোঁজও নেন তিনি।

Be the first to comment