রোজদিন ডেস্ক : প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিটের রুদ্ধশ্বাস আকাশ সফরের পর বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বিমান নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
তাঁর জন্য আগে থেকেই বিমানবন্দরে প্রচার মাধ্যমের প্রতিনিধিরা অপেক্ষা করছিলেন। কিন্তু অন্য দিনের মত আজ মুখ্যমন্ত্রী তাঁদের সামনে আসেন নি। বিমানবন্দর থেকেই তিনি গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছু বলেন নি।
উল্লেখ্য, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে আজ বিকেলে অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেল চারটেয় তাঁর বিমান আসার কথা ছিল। ঠিক এর আগেই আচমকা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। দুর্যোগপুর্ণ আবহাওয়ারর দরুণ বিমানবন্দর কর্তৃপক্ষ কুড়ি মিনিট সাময়িকভাবে সব উড়ান চলাচল স্থগিত রাখেন।
প্রবল দুর্যোগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিমান অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে। প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিট আকাশে চক্কর দেওয়ার পর তা নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসনিক মহলে স্বস্তি ফেরে।
গত দুদিনে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ফেরার পর দীর্ঘক্ষণ আকাশে বিমানের চক্করে দৃশ্যত ক্লান্ত মুখ্যমন্ত্রী আর কিছু বলেননি। বাড়ি চলে যান।

Be the first to comment