উন্নয়নের কাজ চালিয়ে যান, আক্রান্ত কর্মীদেরও পাশে থাকুন, কালীঘাটের বৈঠক থেকে জেলা সভাধিপতিদের বার্তা তৃণমূলনেত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : জেলায় নিয়ম মেনে উন্নয়নের কাজ চালিয়ে যান। সেই সঙ্গে আক্রান্ত কর্মী ও পরিবারগুলোর পাশে থাকুন। দক্ষিণবঙ্গের জেলা সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের বৈঠক থেকে রবিবার এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নেত্রীর বাড়ির ওই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন বৈঠক থেকে তারা স্পষ্ট জানিয়েছেন, জেলা পরিষদের উন্নয়নের কাজ যেমন চলছে তেমনই করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে পথে নামতে হবে। মিটিং, মিছিলের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বৈঠকে নেত্রী বলেন, লোক কম হোক অসুবিধা নেই, কিন্তু প্রতিবাদ মিছিল বের করতে হবে। আর যেসব জায়গায় অত্যাচার হয়েছে, খুন হয়েছে সেসবের ছবি, পোস্টার নিয়ে প্রতিবাদ মিছিল হবে। অন্য বৈঠকের মতো এদিন নেত্রী বলেন, যারা চলে যেতে চায়, যেতে পারে, যারা থাকবে তারা মাঠে নামবে, তাদের নিয়েই দল চলবে। তিনি আরও একবার জানান, তিন থেকে চারদিনের মধ্যে তিনি নিজে দলীয় কার্যালয়গুলো রং করতে রাস্তায় নামবেন। জেলার পার্টি অফিসগুলিকেও রং করার নির্দেশ দেন তিনি। নির্বাচনে হার নিয়ে এলাকার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কারও কোনও ক্ষোভ বা অভিযোগ থাকলে তা লিখিত আকারে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আক্রান্তদের খবর পেলে সেখানে যেতে হবে। যাওয়ার মতো পরিস্থিতি না হলে ফোনে কর্মীদের খোঁজখবর নিতে হবে এবং তাদের যতটা সম্ভব সাহায্য করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*