এবারে বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ, শুরু তুমুল বিতর্ক, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতার

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশের পর এবার বিহারেও খোলা জায়গায় আর মাংস বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিহারের নগরোন্নয়ন ও আবাস দফতর এই মর্মে নির্দেশিকা জারি করেছে। নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানার কথাও জানিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। এই সিদ্ধান্ত নিয়ে এদিনই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, বাজারে মাছ-মাংস বিক্রি বন্ধ করার মতো সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবিকার উপর আঘাত। তাঁর অভিযোগ, এ ধরনের পদক্ষেপের ফলে ছোট বিক্রেতা ও চাষিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “বাজারে মাছ-মাংস বিক্রি হবে না, এটা কেমন কথা? যে বিজেপির জন্য এত লড়াই করছেন, তারা এখানে এলে তো মাছ-মাংসই বন্ধ করে দেবে। সবাই কি শপিং মলে মাছ-মাংস বেচবে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে পুকুরের টাটকা মাছ৷ সবজি বিক্রি করে সংসার চালায়। সবার পক্ষে তো আর মলে গিয়ে কেনাও সম্ভব নয়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর আঘাত। ছোট ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের জীবিকা সংকটে পড়তে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ ধরনের পদক্ষেপ “স্কন্ধ কাটার রাজনীতি”র অংশ, এবং তিনি এই রাজনীতিরও কড়া সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*