কেন্দ্রের বাজেটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বললেন মিথ্যার জঞ্জাল, অভিষেকের মতে, বিমাতৃসুলভ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিজেপি হারবে বলেই বাজেটে বঞ্চনা করেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মন্তব্য করে কেন্দ্রের বাজেটকে মিথ্যার জঞ্জাল বলে তোপ দাগেন। বলেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই, সামাজিক সুরক্ষাও নেই। বিজেপি এখানে হারবে। রাজনৈতিক ভাবে কিছুই করতে পারবে না। ভোট পাবে না বলে রাজ্যকে বঞ্চনা করেছে।
আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী। দৃশ্যত ক্ষুব্ধ মমতা ব্যানার্জি বলেন, সারা দেশে এখন জিএসটি একটিই কর কাঠামো। এখান থেকে সব টাকা কেন্দ্র নিয়ে গেলেও রাজ্যকে কিছু দিচ্ছে না। যা দিচ্ছে সব তাঁদেরই টাকা বলে দৃঢ়ভাবে জানান তিনি।
আজ কেন্দ্রীয় বাজেটে ডানকুনি ও গুজরাটের সুরাটের মধ্যে যে পণ্য করিডরের কথা বলা হয়েছে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ২০০৯ সালে তিনি রেলমন্ত্রী থাকাকালীনই
এই পণ্য করিডর তৈরির ঘোষণা করেছিলেন, সেই কাজ থমকে যায়।
গত রাজ্য বাজেটে সরকার ৬টি পণ্য করিডর তৈরির কথা ঘোষণা করেছিল বলে তিনি জানান। এই বাজেটে বড় বড় কথা ছাড়া কিছু নেই বলে তোপ দেগে মুখ্যমন্ত্রী একে হাম্পটি ডাম্পটি বাজেট বলে তীব্র কটাক্ষ করেন।

রাজ্যে এস আই আর পরিস্থিতিতে যেভাবে মৃত্যু মিছিল চলছে এতে দারুণ ক্ষুব্ধ, রুষ্ট মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার। এর প্রতিবাদে এই পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে তিনি ছয়টি চিঠি দিয়েছেন, গতকালও আর একটি চিঠি দেন। এই সব নিয়ে কাল দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন তিনি। আজ দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বাজেটের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট দিশাহীন, গরিব বিরোধী, মহিলা ও কৃষক বিরোধীও। রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া, অথচ বড় বড় কথার ফুলঝুরি আছে এতে।
উল্লেখ্য আগামী সপ্তাহে রাজ্য বাজেট। বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভোট অন অ্যাকাউন্টস পেশ করা হবে।

এবারের বাজেটে রীতিমত ক্ষুব্ধ টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। বলেন, পঁচাশি মিনিটের বাজেট ভাষণে একবারও বাংলার নামও নেওয়া হয়নি। এই বাজেটকে তিনি বিমাতৃসুলভ বলে তোপ দাগেন। এই রাজ্যকে কেন্দ্র বাংলাদেশের নজরে দেখে বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*