রোজদিন ডেস্ক : ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের! দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে পদত্যাগপত্র জমা দিয়েছেন বোস। আর রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য অলিখিত রীতি ভেঙে অনৈতিকভাবে নয়া রাজ্যপাল নিয়োগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নতুন অস্থায়ী রাজ্যপাল নিয়োগ নিয়ে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বিস্মিত ও ক্রুদ্ধ মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবর শুনে আমি গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতিতে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনওরকম চাপ সৃষ্টি করা হয়ে থাকে, তা হলে আমি মোটেও বিস্মিত হব না!
রাজ্যের সঙ্গে শলা-পরামর্শের ট্র্যাডিশন ভেঙে ভোটের আগে অস্থায়ী রাজ্যপাল নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে এইমাত্র জানিয়েছেন আর.এন রবি–কে বাংলার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী আমার সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। এ ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভিত্তিতে আঘাত হানে! কেন্দ্রের উচিত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিকে সম্মান করা এবং এমন একতরফা সিদ্ধান্তের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি ও রাজ্যগুলির মর্যাদাকে খর্ব করা থেকে বিরত থাকা।

Be the first to comment