এসআইআরের পর হবে এনআরসি, এটাই বিজেপির প্ল্যান, হাড়োয়ায় মমতা

Spread the love

প্রতিবেদন: এসআইআরের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া নিয়ে হাড়োয়ার সভা ঘেকে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ওরা গণতন্ত্রকে চৈত্র সেলে বিক্রি করে দিয়েছে। বাংলার মানুষ সব দেখছে, কেউ ওদের ক্ষমা করবে না। ৪ মে জবাব পাবে বিজেপি। তিনি আরও বলেন, কেন নাম কাটছে জানেন? নেক্সট প্ল্যান হল এনআরসি করা। আগে অসমে করেছিল। ১৯ লক্ষ নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে। তার মধ্যে ১৩ লক্ষ হিন্দু আর ৬ লক্ষ মুসলমান। আমরা থাকতে এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। তাই বিজেপি চাইছে যেভাবেই হোক বাংলা দখল করতে। তিনি সবাইকে আরও একবার সতর্ক করে বলেন, এই বিজেপিকে ভোট দিলে ধর্ম, কর্ম, সম্মান সব চলে যাবে। তিনি আরও বলেন, যারা অন্য দলকে আগে ভোট দিয়েছেন, এ বার দেবেন না। এরা বলছে মাছ, মাংস খাওয়া যাবে না। এই যে মাছের ভেড়ি মাছ চাষ করছেন আগামী দিনে তাহলে এর কী হবে? খাবে৷ কী করে? সব বন্ধ করতে চায় বিজেপি। এটা হতে পারে না। প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এদিনের সভা থেকে সুন্দরবনকে আলাদা জেলা করার কথাও ঘোষণা করেন তিনি। বলেন, সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ তালিকায় আছে। আলাদা জেলা করব আগামীদিনে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন হবে। তখন আর দূরে যেতে হবে না, সব কিছু হাতের সামনে পাবেন।সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান হচ্ছে। এদিন হাড়োয়া ছাড়াও উত্তর ২৪ পরগনায় আরও তিনটি জনসভা ও একটি রোড শো করবেন তৃণমূলনেত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*