রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং তা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কমিটি ও পর্ষদে মুখ্যমন্ত্রী শীর্ষস্থানে ছিলেন, সেখানে তাঁর ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ২৫ মার্চের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হয়েছে কি না, তার রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। যে সংস্থা ও পর্ষদগুলি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, তার মধ্যে রয়েছে স্টেট হেলথ মিশন, সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সারভিলিয়ান্স, স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড, বাংলা সংগীত মেলা আয়োজক কমিটি, পুরস্কার প্রদান কমিটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, উর্দু অ্যাকাডেমির গভর্নিং বডি, স্টেট ল্যান্ড ইউজ বোর্ড, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-সহ মোট ২৩টি সংস্থা। প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনী আচরণবিধি মেনে এই পদক্ষেপ করা হয়েছে।

Be the first to comment