এগজিট পোলে বিজেপির কারসাজি, আমরাই সরকার গড়ছি, ভিডিয়োবার্তা তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। এখন ফলের অপেক্ষা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিয়ো বার্তায় তিনি জানিয়ে দিলেন, সরকার গঠন করছেন তাঁরাই। সেই সঙ্গে উড়িয়ে দিলেন এগজিট পোল। বৃহস্পতিবার বিকেলে ওই ভিডিয়োবার্তায় তৃণমূলনেত্রী বলেন, টিভিতে যে এগজিট পোল দেখানো হয়েছে সেটা পুরোটাই ফেক। বিজেপির পার্টি অফিস থেকে ওটা বুধবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরাই ফের মা-মাটি-মানুষের সরকার গঠন করছি। জয় বাংলা। তিনি আরও বলেন, বিজেপি টাকা খরচ করে প্রেস এবং গোদি মিডিয়াকে দিয়ে এই সমীক্ষা করিয়েছে যাতে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায় এবং শেয়ার বাজারের ধস আটকানো যায়। ২০১৬ এবং ২০২১ সালেও ওরা একই কাজ করেছিল। মানুষ বিপুলভাবে তৃণমূলকে ভোট দিয়েছে। ছাব্বিশের ভোটে তৃণমূল ২২৬-র বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করবে।

এরপরেই তিনি নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্যের বিজেপি নেতাদের নিশানা করে বলেন, সেন্ট্রাল ফোর্স এবং কিছু পুলিশ যৌথভাবে সাধারণ মানুষ ও মহিলাদের ওপর অত্যাচার করেছে। উদয়নারায়ণপুরে আমাদের এক কর্মী মারা গিয়েছেন, ভবানীপুরে বাচ্চাদের মারা হয়েছে। অর্থের ভাণ্ডার ও বন্দুকের আস্ফালন দেখিয়ে বাংলার মানুষকে জব্দ করা যাবে না। বাংলার মানুষ বহিরাগতদের সমর্থন করে না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাউন্টিং সেন্টার বা গণনাকেন্দ্রে পাহারা দিতে হবে। দরকার হলে আমি নিজেও আমার এলাকায় পাহারা দিতে নামব। ২৯৪টি কেন্দ্রের প্রার্থীদের তাঁর নির্দেশ, কাউন্টিং সেন্টারে প্রার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক। দিনের বেলায় কর্মীরা পাহারা দিলেও রাতে প্রার্থীদের নিজেদের থাকতে হবে। রাত জেগে পাহারা দিন, সকালে অন্য টিমের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই ঘুমাতে যাবেন। বিজেপি পরিকল্পনা করেছে যে যখন স্ট্রংরুম থেকে ইভিএম মেশিন গণনাকক্ষে নিয়ে যাওয়া হবে, তখন মেশিন বদলে দেওয়া হতে পারে। তাই এই সময়ে কোনও অবহেলা করা যাবে না। অনেক সময় গণনার পর কম্পিউটারে তথ্য আপলোড করার সময় কারচুপি করে তৃণমূলের ভোট বিজেপির নামে চালিয়ে দেওয়া হয়। নেত্রীর নির্দেশ, যতক্ষণ না আমি প্রেস কনফারেন্স করে ফল ঘোষণা করছি, ততক্ষণ কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। বাংলা মাকে বাঁচানোর জন্য এবং মানুষের অধিকার রক্ষার জন্য এইটুকু কষ্ট আপনাদের করতেই হবে। তবে উত্তেজনার আবহে সবাইকে শান্ত ও সংযত থাকারও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*