রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার ভিডিও বৈঠক করলেন। সন্ধ্যায় শুরু হওয়া এই বৈঠকে ভোটমুখি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়া অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতে চান। সূত্রের খবর, এই সঙ্কটকালে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের “টিম ইন্ডিয়া”-র স্পিরিট নিয়ে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উপস্থিত ছিলেন না বলে জানা যায়।
সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই পরিস্থিতিতে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী তাঁদের এই পরিস্থিতি মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে অবহিত করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন। জানান, টিম ইন্ডিয়ার স্পিরিট নিয়ে কাজ করলে এই সঙ্কট মোকাবিলা করা সম্ভব।
এই পরিস্থিতিতে কেউ যাতে মজুতদারি না করে সেই দিকে কড়া নজর রাখতে বলেন। সীমান্ত, উপকূলবর্তী এলাকাগুলির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী অত্যাবশ্যক পণ্য চলাচলে যাতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখার ওপরও গুরুত্ব দেন।
এই পরিস্থিতিতে ভূয়ো খবর ছড়ানো নিয়েও মুখ্যমন্ত্রীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। কোভিড কালের কথা জানিয়ে বলেন, সারা দেশ তখন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিল, এখনও সেই রকম করতে হবে। আমজনতার আত্মবিশ্বাস, পারস্পরিক সমন্বয় ইত্যাদির ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন বলে জানা যায়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কৃষি ক্ষেত্র-সহ দেশের নাগরিকদের, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয়দের সুরক্ষার ওপরও বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

Be the first to comment