রোজদিন ডেস্ক : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট কংগ্রেস নেত্রী মহসিনা কিদোয়াই এর জীবনাবসান হয়েছে। আজ সকালে নয়ডার এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৯৪৷ প্রবীণ এই বিশিষ্ট নেত্রীর প্রয়াণে কংগ্রেস-সহ রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সোনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর খুবই হৃদ্য সম্পর্ক ছিল।
১৯৮২ সালে তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হন। ছিলেন শ্রমমন্ত্রী। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গ্রামোন্নয়ন, পরিবহন, শহর উন্নয়ন ইত্যাদি একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন। ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক উত্তর প্রদেশের মন্ত্রীও। সুবক্তা, মিষ্টভাষী, জনপ্রিয় মহসিনা কিদোয়াই -এর স্বামী খলিল আর কিদোয়াই, তিন কন্যা বর্তমান।
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে তাঁর জামাতা রাজি উর রহমান কিদোয়াই জানিয়েছেন। উত্তর প্রদেশের বরাবাঁকিতে তাঁর জন্ম। ১৯৭৭ সালে মীরাট থেকে লোকসভায় সাংসদ নির্বাচিত হন। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
আজ বিকেলে মহসিনা কিদোয়াই এর শেষ কৃত্য সম্পন্ন হবে।

Be the first to comment