রোজদিন ডেস্ক : গড়িয়ায় পার্লারে ঢুকে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। আজ দুপুরে জনবহুল গড়িয়ার তেঁতুলতলার পার্লারের এই হাড়হিম খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে এই রক্তাক্ত পরিস্থিতি দেখে কার্যত হতবাক।
সূত্রের খবর, নিহত মহিলা রূপবাণী দাস প্রায় পনের বছর ধরে ওই পার্লারে কাজ করেন। প্রতিদিনের মত আজও তাঁর স্বামী বাইকে করে তাঁকে পৌঁছে দিয়ে চলে যান।
এর কিছুক্ষণের মধ্যেই এক যুবক পার্লারে এসে রূপবাণীর সঙ্গে কথা বলতে বলতে আচমকাই দুজনের বচসা বাধে। যুবক ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মেরে খুন করেন, এরপর নিজের গলায় ও ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। ভয়ংকর এই ঘটনায় উপস্থিত সকলে
বাকরুদ্ধ হয়ে যান। নিহত মহিলার স্বামীকে খবর দেওয়া হয়। আসে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায়, মৃত যুবক কাশ্মীরি, রূপবাণী দাসের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই মর্মান্তিক ঘটনা বলে পুলিশের অনুমান।
দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ দুটি দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

Be the first to comment