রোজদিন ডেস্ক: পালাবদলের পর রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে পূূর্বতন আমলের ব্যবহৃত ‘বিশ্ববাংলা’-র ‘ব’ লোগো সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার সেই পরিবর্তনে ধাক্কা লাগলো রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সরকারি গাড়িতেও। এতদিন আইএএস আধিকারিকদের গাড়ির সামনের অংশে ব্যবহৃত ‘ব’ চিহ্নযুক্ত পতাকার পরিবর্তে এবার নেভি ব্লু বা গাঢ় নীল রঙের পতাকায় অশোকচক্র-সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহার করা হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ১৯ জুনের পূর্ববর্তী বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করে নতুন পতাকার নকশা, রং ও ব্যবহারবিধি কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী আইএএস আধিকারিকদের পরিচিতি ও সরকারি মর্যাদা আরও স্পষ্ট করতেই এই সিদ্ধান্ত, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নয়া নির্দেশিকা অনুযায়ী, আধিকারিকের পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার নির্ধারিত হবে। মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব এবং প্রধান সচিবদের জন্য থাকবে আয়তাকার পতাকা, সচিব পর্যায়ের আধিকারিকদের জন্য লেজাকৃতি এবং কমিশনার বা সমমর্যাদার আধিকারিকদের জন্য ত্রিভুজাকার পতাকা। বিভাগীয় কমিশনার ও জেলাশাসকদের ক্ষেত্রেও পৃথকভাবে পতাকার ধরন নির্দিষ্ট করা হয়েছে। সব ক্ষেত্রেই পতাকার রং হবে নেভি ব্লু এবং তাতে থাকবে অশোকচক্র-সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই রাখা যাবে। ওই আধিকারিক গাড়িতে না থাকলে পতাকা খুলে রাখতে হবে। পতাকা সবসময় পরিষ্কার ও সঠিক অবস্থায় রাখতে হবে এবং কোনওভাবেই ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তা ব্যবহার করা যাবে না। পতাকা ও পতাকাদণ্ড সংগ্রহের দায়িত্ব থাকবে পরিবহণ দফতরের উপর এবং সেগুলির রক্ষণাবেক্ষণ ও বিতরণের দায়িত্ব পালন করবে মুখ্য সচিবের দফতর।

Be the first to comment