রোজদিন ডেস্ক :
ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার জাতীয় কংগ্রেসের দুই শীর্ষ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় করছে দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এর নেপথ্যে বকলমে কেন্দ্র আছে বলে রাজনৈতিক মহল মনে করেন। দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীন হওয়ায় এই ধারণা করা হচ্ছে। এই মামলায় ইডি-র দায়ের করা চার্জশিটে র ভিত্তিতে এই এফ আই আর বলে জানা যায়। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়া আরও কয়েক জনের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির তদন্ত করছে ইডি।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি-কে তোপ দেগেছেন।
সমাজ মাধ্যমে তিনি বলেন, মোদি-শাহ জুটি মিলে কংগ্রেসের শীর্ষ স্তরের নেতৃত্বের বিরুদ্ধে হয়রানি, ভয় দেখানো ও প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে। যাঁরা হুমকি দিচ্ছেন, তাঁরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরাই ভয় পেয়েছেন। ন্যাশনাল হেরাল্ড একটি ফালতু ব্যাপার বলে জয়রাম রমেশ মন্তব্য করেন। জোরের সঙ্গে বলেন, শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবেই। সত্যমেব জয়তে!
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ই ডি ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ দিল্লি পুলিশের আর্থিক অভিযোগ শাখাকে জানায়। এতে গান্ধী পরিবারের দুই সদস্য ও অন্য সাতজনের বিরুদ্ধে ও আর্থিক অনিয়মের অভিযোগ আছে। এর মধ্যে শ্যাম পিত্রোদা, সুমন দুবে, সুনীল ভান্ডারি-সহ বেশ কিছু সংস্থাও আছে।
ইডি-র দায়ের করা এই মামলার আগামী ১৬ ডিসেম্বর শুনানি হওয়ার কথা। ইডি-র অভিযোগ, এজেএল এর ২ হাজার কোটি টাকার সম্পত্তি বেআইনি ভাবে অধিগ্রহণের ষড়যন্ত্রের শরিক ওঁরা।
উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এই ন্যাশনাল হেরাল্ড প্রতিষ্ঠা করেছিলেন। এই নিয়ে বিজেপি নীচু স্তরের রাজনীতি করছে বলে কংগ্রেসের অভিযোগ।

Be the first to comment