সোমবার সকাল ১১টায় শপথ নেবেন নতুন মন্ত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক: সরকার গঠনের একমাস পূর্ণ হওয়ার আগেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল ১১টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথগ্রহণ। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। প্রশাসনিক সূত্রের খবর, এবারের সম্প্রসারণে একসঙ্গে ৩৩ থেকে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ মন্ত্রিসভার রূপরেখা স্পষ্ট হয়ে যাবে। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শুভেন্দুর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারপর থেকে গুরুত্বপূর্ণ দফতরগুলির অধিকাংশই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ছিল। সম্প্রসারিত মন্ত্রিসভায় রাজ্যের প্রায় সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ থেকে সীমান্তবর্তী জেলা, সর্বত্র রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। মহিলাদেরও উল্লেখযোগ্য প্রতিনিধি থাকারও সম্ভাবনা রয়েছে। দফতর বণ্টন নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অভিজ্ঞ এক চিকিৎসক-রাজনীতিককে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক ডক্টরেট ডিগ্রিধারী বিধায়কের হাতে শিক্ষা দফতরের ভার তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বরাষ্ট্র এবং অর্থ, এই দুই গুরুত্বপূর্ণ দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই থাকতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*