অভিযুক্তদের কোমরে দড়ি বেধে রাস্তায় ঘোরানো যাবে না, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Spread the love

রোজদিন ডেস্ক : অভিযুক্ত হলেই কি তাঁকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো যায়? এভাবে কি তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা যায়? এই প্রশ্নে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি হাওড়া, কাঁচরাপাড়া সহ কয়েকটি জায়গায় অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো, অন্তর্বাস পরিয়ে হাঁটিয়ে ক্রাইম সিনে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। এই ধরনের কিছু পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী ওমর ফারুক গাজী। আগামী ৫ জুন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবীর মূল আর্জি, এভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরান দেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন। সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ কেন বারবার এমন আচরণ করছে, মামলায় তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। অভিযুক্ত তা সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, যে দোষেই দোষী সাব্যস্ত হোক না কেন, তাঁকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। পুলিশ এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধীকে শাস্তি দেওয়ার কাজ আদালতের, পুলিশের নয়। হতে পারে দোষ অনুযায়ী সে কড়া সাজা পাবে, কিন্তু তাঁকে এভাবে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো মানে একজন নাগরিকের মানবাধিকার বা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা। যা সংবিধান বিরোধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*