রোজদিন ডেস্ক : রাজ্যে নারী সুরক্ষা আরও বাড়াতে বিভিন্ন মহকুমায় ২৯টি নতুন মহিলা থানা গঠনের প্রক্রিয়া শুরু করল সরকার। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে প্রতি মহকুমায় একটি করে মহিলা থানা তৈরির যে ঘোষণা করা হয়েছিল, তারই বাস্তবায়নের পথে আরও এগোল নবান্ন। গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার নতুন থানাগুলি গড়ে তোলার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হল। পূর্বতন সরকারের আমলে রাজ্য পুলিশের পক্ষ থেকে মহিলা থানার সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে ১৬টি মহকুমায় ২০টি নতুন মহিলা থানা তৈরির প্রস্তাব পাঠানো হলেও তা কার্যকর হয়নি। সরকার পরিবর্তনের পর সেই পরিকল্পনাকে আরও বিস্তৃত করে মহকুমা ভিত্তিক মোট ২৯টি নতুন মহিলা থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যে ৪০টি মহিলা থানা রয়েছে। নতুন ২৯টি থানা চালু হলে নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা, যৌন অপরাধ এবং মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশি ব্যবস্থার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে৷ এমনই আশা প্রশাসনের। জেলা ভিত্তিক পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি তিনটি করে মহিলা থানা হবে। এছাড়া দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় দুটি করে, আর বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে একটি করে মহিলা থানা তৈরি করা হবে।

Be the first to comment