মেরুন কাঞ্জিভরমে সজ্জিত নির্মলা সীতারামণ আজ বাজেট পেশ করছেন!!

Spread the love

রোজদিন ডেস্ক : শিয়রে কড়া নাড়ছে তামিলনাড়ু সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আজ মেরুন কাঞ্জিভরম শাড়িতে সজ্জিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংসদে বাজেট পেশ করছেন।
প্রতিবারই বাজেটের দিন তাঁর শাড়ি নিয়েও বিস্তর চর্চা চলে। আদতে তামিলনাড়ুর ভূমিকন্যা নির্মলা বরাবরই ছিমছাম অথচ আকর্ষণীয় সাজে অভ্যস্ত। আজও তার ব্যতিক্রম হয়নি। উজ্জ্বল মেরুন কাঞ্জিভরমে সজ্জিত হয়ে তাঁর সংসদে যাওয়া ইতিমধ্যেই সবার মন কেড়েছে।
ভোটমুখি তামিলনাড়ুর কথা মাথায় রেখেই কি আজ এই শাড়ি পরেছেন তিনি? উত্তর ভারত-সহ দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করলেও এখনও গেরুয়া শিবিরের কাছে অধরা দক্ষিণ ভারত। শুধু তামিলনাড়ু না, ভোট যুদ্ধে এবার অবতীর্ণ হচ্ছে দক্ষিণের কেরালাও। দেশের একমাত্র বাম-শাসিত রাজ্যে এবার ক্ষমতাসীন এলডিএফের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের জোর লড়াই। সদ্য তিরুবন্তপুরম পুর নিগম জয় করেছে বিজেপি। পুর, পঞ্চায়েতের বেশ কিছু আসনও দখল করেছে তারা। আশা যদি বিধানসভায়ও পদ্ম কিছু ফোটে!!
নির্মলা সীতারামনের শাড়ি কি তারই ইঙ্গিত?
পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখি পাঁচ রাজ্যের কথা মাথায় রেখে এবারের বাজেটে কেমন হবে সেদিকে তাকিয়ে সারা দেশ।
গতবার তিনি পরেছিলেন অফ হোয়াইট মধুবনি কাজের শাড়ি, যা বিহারের নিজস্ব শিল্পের পরিচায়ক। গত বছর বিহার বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে যা নিয়ে চর্চা হয়েছিল। বিহার জয় করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবার নজর তবে দক্ষিণে!
সংসদে বাজেট পেশের আগে প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন নির্মলা। খেয়েছেন দই চিনিও। এবার বাজেটে কি থাকবে তার অপেক্ষায় আছেন দেশবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*