রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে না। এমনই কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এ সংক্রান্ত এক নির্দেশিকায় জেলা নির্বাচন আধিকারিকদের সতর্ক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিযুক্ত করার বিষয়ে অভিযোগ জমা পড়েছে। সেই প্রেক্ষিতে কমিশনের পূর্ববর্তী নির্দেশ পুনরায় উল্লেখ করে স্পষ্ট জানানো হয়েছে, কোনও অবস্থাতেই চুক্তিভিত্তিক কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের দায়িত্ব জেলা নির্বাচন আধিকারিকদের ওপর বর্তায়। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটকর্মীদের তালিকায় শুধুমাত্র রাজ্য ও কেন্দ্রীয় সরকারি স্থায়ী কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া, প্রতিটি জেলাকে আলাদা তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে ভোটকর্মীদের ডেটাবেসে কোনও চুক্তিভিত্তিক কর্মীর নাম নেই। এই মর্মে জেলা নির্বাচন আধিকারিকদের স্বাক্ষরিত সার্টিফিকেট জমা দিতে হবে। আগামী ৩০ মার্চের মধ্যে এই সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।

Be the first to comment