আজ রামনবমী, শহর কলকাতা-সহ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী, শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রামনবমী। গোটা রাজ্যেই পালিত হচ্ছে এই উৎসব। একাধিক জায়গায় শোভাযাত্রা সহকারে পালিত হচ্ছে রামনবমী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শান্তিতে রামনবমী পালনেরও আবেদন জানান তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, পবিত্র রামনবমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আশা করি শান্তিতে ও সাফল্যের সঙ্গে পালিত হবে এই উৎসব। রাজ্যবাসীর কাছে আমার আবেদন, শান্তি, সমৃদ্ধি এবং সকলের উন্নয়নের লক্ষ্যে পালিত হোক এই উৎসব। বৃহস্পতিবারই কলকাতা-সহ একাধিক জেলায় রামনবমীর মিছিল বেরিয়েছে। তার আগে বুধবার নবান্নে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার ডিএম, এসপি, সিপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ‌্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ‌্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা-সহ উচ্চপদস্থ আমলারা। মিছিলে অশান্তি যাতে না হয়, তার জন্য পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়। হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে বাড়তি নজরদারি থাকছে। অতীতে দেখা গিয়েছে, এই সমস্ত এলাকায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে। রাজ‌্যজুড়ে মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে। আর কলকাতার জন‌্য হাজারখানেক পুলিশ থাকবে। পাশাপাশি প্রয়োজনে সিআরপিএফের সাহায‌্য নেওয়া হবে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ধরনের উসকানিমূলক পোস্ট ছড়ানো রুখতে সাইবার টিম নজরদারি চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*