রোজদিন ডেস্ক : ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে কতটা তফাৎ সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল কংগ্রেস। গত ১৫ দিনে একের পর এক ধাক্কা খেয়েছে তাঁরা। এবার তাদের বড় ধাক্কা দিলেন নেত্রীর একদা খুব কাছের মানুষ মন্টুদা ওরফে মনোতোষ সাহা। মডার্ন ডেকরেটিংয়ের কর্ণধার। সুসময়ে নেত্রীর কার্যত ছায়াসঙ্গী ছিলেন এই মন্টু। সেই মন্টু সাহাই এবার দলকে চরম বার্তা দিলেন। তিনি দলকে জানিয়ে দিয়েছেন, ইএম বাইপাসের ধারে তৃণমূলের যে অস্থায়ী সদর কার্যালয়টি রয়েছে, তা আগামী ২ মাসের মধ্যে পুরোপুরি খালি করে দিতে হবে। এর জন্য তিনি দলকে আইনি চিঠি ধরিয়েছেন বলেও জানা গিয়েছে। এর আগে গত ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিনও অনুমতি না মেলায় বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বসার চেয়ার, বেঞ্চ, একটা মাইক পর্যন্ত চাওয়া সত্বেও পাঠাননি মন্টু সাহা। এই নিয়ে ঘরোয়া মহলে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে মমতা বলেন, মন্টুদার অবস্থা দেখলেন, বাড়িতে রবীন্দ্রজয়ন্তী করেছি, মন্টুদা মাইকটাও পাঠাল না! দুটো বেঞ্চ আর চেয়ারও পাঠাল না!

Be the first to comment